এরকম এক শরৎকাল প্রত্যক্ষ করার পর এক রকমের আশা জাগে – বসন্ত আসতে হয়তো বেশি দেরী হবে না।
দেবারতি গুপ্ত
এ এক অন্য শরৎকাল এসে হাজির হয়েছে দুনিয়া জুড়ে। লেট ক্যাপিটালিজমের নখ দাঁত যেভাবে প্রকট হয়ে উঠেছে গত দুই দশকে তাতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠতে শুরু করেছে। মিলেনিয়াল প্রজন্ম এই পরিস্থিতি একভাবে মোকাবিলা করেছে। তাদের যৌবনে তবু কিছু চাকরি ছিল মন ভোলানোর উপাদান ছিল। কোভিড পরবর্তী কালে যে প্রজন্ম যৌবনে পা দিয়েছে তারা পেয়েছে এক অবাক পৃথিবী। একদিকে সমাজ মাধ্যমের বিভ্রান্তিকর দুনিয়া আরেকদিকে নতুন হাজির হওয়া কৃত্রিম বুদ্ধিমত্তা। এইসবের মধ্যে দুনিয়াজোরা সরকারি শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা আর কর্মসংস্থানের চূড়ান্ত বেহাল অবস্থা।
বছর দুই আগে থেকেই সার্বিয়ার ছাত্ররা বিক্ষোভ শুরু করেছিল। নোভি সাদ রেইল স্টেশনের ছাত ভেঙে ১৬ জনের মৃত্যু হওয়ায় ছাত্রদের বিরোধিতা শুরু হয়। ওই কান্ড নিছক দুর্ঘটনা বলে চাপা দেবার চক্রান্ত সহজে মেনে নেয় নি সার্বিয়ার ছাত্ররা। তারা আন্দোলন শুরু করে। সেই আন্দোলন দীর্ঘ ১৪ বছর ধরে ক্ষমতায় থাকা আলেক্সান্ডার ভুচিচকে সম্প্রতি গদিচ্যুত করেছে।
২৬ অক্টোবর, অর্থাৎ সার্বিয়ার ওই ঐতিহাসিক দিনে বেলগ্রেড থেকে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার লাজার পেত্রোভিচ ‘কফি হাউস এক্সপেরিয়েন্স’ এর লাইভ পডকাস্টে এসেছিলেন। এই মুহূর্তে কলকাতা শহরে যেখানে প্রতিদিন ফ্যাসিজমের উপস্থিতি হাড়ে হাড়ে টের পাচ্ছি সেইখানে বসে সার্বিয়ার পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে উচ্ছ্বসিত লাজারকে দেখতে পাওয়া, নিঃসন্দেহে খুব আশাব্যঞ্জক ঘটনা। মজার কথা হল দক্ষিণপন্থী ভুচিচের এস এন এস (সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি) দলের বিরোধী যে রাজনৈতিক দলগুলো – গ্রিন লেফট পার্টি বা ডেমক্রেটিক পার্টি এরাও ছাত্রদের দলের কাছে পাত্তা পায় নি। ক্ষমতাসীন বা তথাকথিত বিরোধী দুই পক্ষের প্রতিই গভীর অনাস্থা থেকে Student List বা Students Are Winning দলটি তৈরি হয়েছিল। লাজারকে জিগ্যেস করেছিলাম যে ছাত্র আর সার্বিয়ার সুশীল সমাজের যে প্রতিনিধিদের নিয়ে ওরা ক্ষমতায় এল তাদের রাজনৈতিক আদর্শ কি? লাজার জানালো ওদের গত দু বছরের লড়াই কোন নির্দিষ্ট রাজনৈতিক আদর্শের ভিত্তিতে গড়ে ওঠে নি। তাদের দেশের সংকট যেখানে পৌঁছেছিল তাতে শিক্ষা, স্বাস্থ্য আর নিরাপত্তার মতো মৌলিক অধিকার নিয়ে তাদের লড়াই করতে হয়েছে। লাজারের দেশের শাসনব্যবস্থা তথা রাজনীতি কোনদিকে এগোয় তা বোঝার জন্য আমরা নিশ্চই অধীর আগ্রহে তাকিয়ে থাকবো সার্বিয়ার দিকে।
এবার মুখ ফেরানো যাক বিপ্লবের পীঠস্থান ফ্রান্সের দিকে। সেখানেও ছাত্রদের নেতৃত্বে বিরোধিতা শুরু হয়েছে।
প্রায় দু’মাস হতে চলল ফ্রান্সে ছাত্র আন্দোলন চলছে। প্রাথমিক ভাবে যেটা শুরু হয়েছিল প্যারিসের এক শহরতলি এলাকার উচ্চ বিদ্যালয় বা Lycée-র ছাত্র-ছাত্রীদের মাধ্যমে, তা পরে আরও ব্যাপক ভূমিকা গ্রহণ করেছিল। শিক্ষক-শিক্ষিকারা, অধ্যাপক-অধ্যাপিকারা, স্কুল ছাড়াও কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা, তাদের অভিভাবকেরাও মিছিলে নিয়মিত সক্রিয় অংশ নিচ্ছিলেন। হাই স্কুল ছাত্র-ছাত্রীদের মূল দাবী ছিল সরকারি স্কুল গুলোর পরিকাঠামোর উন্নতি, কারণ সরকারি স্কুলগুলোয় যথেষ্ট শিক্ষক নেই, ফলে একেকটা ক্লাসে একজন শিক্ষকের দায়িত্বে অনেক বেশি ছাত্র। স্কুল বিল্ডিং এর অবস্থা ক্রমশ খারাপ হয়ে পড়ছে। অতিরিক্ত গরমে বা অতিরিক্ত ঠান্ডায় সেই সব ঘরে ক্লাস করা খুব মুশকিল হয়ে পড়ছে। গত বাজেট সেশনে শিক্ষা ক্ষেত্রে বাজেট অনেক কমানো হয়েছে। ফলে এই সবকিছু নিয়েই ছাত্ররা বিক্ষুব্ধ। সম্প্রতি সরকার এদের কিছু কিছু দাবি মেনে নিয়েছে কিন্তু তবুও আন্দোলন থামেনি। কারণ ছাত্ররা বলছে এটা যথেষ্ট নয়। যা সমস্যা রয়েছে আরও গভীরে গিয়ে তার সমাধান করতে হবে। ফলে স্কুল কলেজ ব্লক করা অব্যাহত রয়েছেl এই ব্লক করার একটা নাম তারা দিয়েছে – ব্লকাস (Blocus)
কথা হচ্ছিল ফ্রান্সে বসবাসকারী অধ্যাপক সোমঋতা ভট্টাচার্যর সঙ্গে। সোমঋতা কঁ-নর্ম্যান্ডি ইউনিভার্সিটিতে (Université de Caen-Normandie) ইংরিজি পড়ান। অকে জিগ্যেস করেছিলাম, ম্যাক্রোঁর সেন্ট্রিস্ট সরকারের বিরুদ্ধে যদি আন্দোলন জারি থাকে তাহলে কি তা লা পেনের দক্ষিণপন্থী দলকে জোরদার করবে? না কি বামপন্থী জাঁ লুক মেলেশঁদলেরও সম্ভাবনা তৈরি করতে পারে?
সোমঋতা আন্দোলনের বিস্তারের কথা জানালো। প্রতিবাদী ছাত্র-ছাত্রীদের সঙ্গে শ্রমিকশ্রেণী যাঁরা ইয়েলো ভেস্ট (gillet jaune) মুভমেন্টে অংশ নিয়েছিলেন, অবসর প্রাপ্ত মানুষ যাঁরা কিছু দিন আগে অবস্র গ্রহণের বয়স বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদে অংশ নিয়েছিলেন, তাঁরা সকলে একে একে জড়ো হচ্ছেন। কারণ দ্রব্যমূল্য বৃদ্ধি, মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ার সঙ্কট একটা ভয়াবহ আকার নিয়েছে। তবে আশার কথা এই যে, ছাত্র আন্দোলনে কিন্তু মেলেশঁর সমর্থক বেশি দেখা যাচ্ছে। নিয়মিত ছাত্রদের পাশে থেকেছেন মেলেশঁ, তাদের প্রতিবাদে অংশ নিয়েছেন। অন্যদিকে ছাত্রেরা স্পষ্ট ভাবে মারিন লো পেন এবং তাঁর অতি-দক্ষিণপন্থী দলের সমালোচনা করছে এবং প্রতিবাদী ছাত্ররা তাদের বিরোধী মিছিলে এমন কিছু পোস্টার নিয়েও এসেছে যেখানে পরিষ্কার লেখা রয়েছে, দক্ষিণপন্থী দলদের তারা কোনও ভাবেই সমর্থন করছে না এবং অতি-দক্ষিণপন্থীদের বিভেদ, বৈষম্যমূলক কার্যকলাপের সম্পূর্ণ বিরোধিতা করছে এবং ভবিষ্যতেও করে যাবে। অর্থাৎ সার্বিয়ার মতো ছাত্র বিক্ষোভ থেকে বিদ্রোহ ছড়িয়ে পড়েছে নানান ক্ষেত্রে। তবে ফ্রান্সে রাজনৈতিক আদর্শ ও দলের সঙ্গে আন্দোলনের বিচ্ছেদ ঘটেনি, বরং একরকম বোঝাপড়া রেখেই আন্দোলন এগোচ্ছে।
প্রায় একই সময় গ্রীসের ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন শুরু করেছিল। গত ২১ অক্টোবর গ্রীসের বিভিন্ন শহরে প্রায় ২০ হাজার মানুষ বিক্ষোভ জানায়। মূল অভিযোগ আথেন্স আর থেসালনিকির মতো বড়ো শহরগুলোতে বাড়তে থাকা বাড়ি ভাড়া। ভাল মানের হাইস্কুল বা বিশ্ববিদ্যালয় – এগুলি সবই এই বড়ো শহরগুলোতে। তাই ছোট শহরের ছাত্র ছাত্রীকে এখানেই এসে জড়ো হতে হয়। ঘটনাচক্রে অক্টোবরের ওই দিনটিতে আথেন্সে উপস্থিত থাকায় বেশ কিছু আন্দোলনকারী ছাত্র ছাত্রীর সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। এদের মধ্যে ১৬ বছরের এক ছাত্রী এলিনা পাপাদোপলো জানালো যে একজন গ্রীকের গড় মাসিক আয় ৯২০ ইউরো। সেখানে আথেন্সে ছাত্র-ছাত্রীকে বাড়ি ভাড়া দিতে হয় ৬০০ থেকে ৭০০ ইউরো। তারা কিভাবে নাকি খরচ চালাবে? এছাড়াও সরকার শিক্ষা খাতে খরচ কমানোর ফলে কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো খুব খারাপ। এর সঙ্গে রয়েছে শিক্ষার বেসরকারিকরণের ফলে উচ্চমানের শিক্ষা সাধারণের হাতছাড়া হবার ভয়। ২১ অক্টোবর তারিখে সিনটাগমা স্কোয়ারে পার্লামেন্টের সামনে ছাত্ররা হাউসিং সঙ্কটের প্রতীকী বিরোধিতায় একটি তাঁবু খাটায়। তাদের আক্ষেপ গ্রীসে উচ্চশিক্ষা শুধুমাত্র সেইসব সম্পন্ন পরিবারের ছেলে মেয়েদের জন্য যাদের বড়ো শহরে থাকার ব্যবস্থা আছে। গ্রীসের আন্দোলনেও ফ্রান্সের মতো ওখানকার কমিউনিস্ট পার্টির (কে কে ই) সঙ্গে একরকমের মেলবন্ধন রয়েছে।
সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে ফ্রান্সে ছাত্র বিক্ষোভ শুরু হয়ে গেছিল। তার সঙ্গে সঙ্গেই ইতালি, গ্রীস, আলবানিয়া, অস্ট্রিয়া, জার্মানিতে ছাত্ররা বিক্ষোভ দেখাতে শুরু করে। সব জায়গাতেই মূল সুর এক – শিক্ষা খাতে কমতে থাকা বাজেট আর দুর্বল হতে থাকা পরিকাঠামো। গত ৪ নভেম্বর ডেনমার্কে প্রায় ৪০ হাজার ছাত্র-ছাত্রী বিক্ষোভ মিছিল করে। এর পরেই সার্বিয়াতে সরকার পরিবর্তন। সেও ছাত্র আন্দোলনের হাত ধরেই।
এরকম এক শরৎকাল প্রত্যক্ষ করার পর এক রকমের আশা জাগে – বসন্ত আসতে হয়তো বেশি দেরী হবে না।
দেবারতি গুপ্ত ফিল্মমেকার ও প্রাবন্ধিক।

